বিশ্বব্যাপী মাহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাংলাদেশে আজ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত এই ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৮ জন। করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এক ভিডিও বার্তায় দেশবাসীকে এ আহ্বান জানান তিনি।
ওই ভিডিও বার্তায় করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সরকার করোনা ভাইরাস নিয়ে বর্তমানে খুবই উদগ্রীব। এ ব্যাপারে সরকার মাঠে নেমে গেছে।
ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে। তারা (ডাক্তার) জানে তারা আক্রান্ত হতে পারে, তারপরও কাজ করে যাচ্ছেন। যত হসপিটাল, যত নার্স, যতগুলো ওয়ার্ডবয় আছে, যতগুলো মানুষ আছে হসপিটাল ওরিয়েন্টেড তাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আরো পড়ুন: করোনা নিয়ে যা বললেন সালাউদ্দিন লাভলু
তিনি বলেন, সাংবাদিকরা যারা রাস্তায় নেমে যাচ্ছেন, কোথায় কি পরিস্থিতি আছে সেটা ঘরবন্দি আমাদের সবাইকে জানাচ্ছেন, সেইসব সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
করোনা ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, আপনারা পরিষ্কার থাকুন। আপনারা সবসময় হাত ধুয়ে রাখবেন এবং মাস্ক ব্যবহার করবেন।
ভিডিও বার্তায় তিনি করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ শুক্রবার (২৭মার্চ) পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
ইত্তেফাক/এএএম
