বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন সানাউল্লাহ মিয়ার ভাইয়ের ছেলে শফিকুল ইসলাম। সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিত্সার পর দেশে ফেরেন তিনি।
শফিকুল ইসলাম আরো জানান, বৃহস্পতিবার রাতে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকালে শারীরিক অবস্থার আরো অবনতি হয়। চিকিত্সকরা বলেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন তিনি। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই স্ট্রোক করে অসুস্থ হন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
