করোনা ভাইরাস মোকাবিলায় চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বাংলাদেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল বাংলাদেশ সরকারের কাছে ৩০ হাজার কিট হস্তান্তর করা হয়েছে।
ঢাকায় চীনের মিনিস্টার কাউন্সিলর এবং মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান গতকাল এক বার্তায় জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩০ হাজার কিট অনুদান দিয়েছেন জ্যাক মা। এর আগে জ্যাক মা তার টুইটার অ্যাকাউন্টে টুইটে জানান, এবার বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়া হচ্ছে। গতকাল বিকালে জ্যাক মা ফাউন্ডেশন ও আলীবাবা ফাউন্ডেশন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩০ হাজার করোনা ভাইরাস শনাক্তকরণ কিটের চালানটি হস্তান্তর করে।
