গাজীপুরে পিপিই ও চিকিত্সা সামগ্রী দিলেন মেয়র

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:০৭

গাজীপুর সিটি করপোরেশন এলাকার ২০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে তার বাসভবনে চীন থেকে আনা করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মেয়র বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সবার আগে চিকিত্সক ও নার্সদের নিরাপত্তা দিতে হবে। তিনি চীন থেকে আমদানি করা করোনা ভাইরাস শনাক্তের জন্য কিট, ইনফ্রারেড থার্মোমিটার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও পিপিই বিতরণ করেন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিভিন্ন হাসপাতালের চিকিত্সক ও নার্সদের জন্য পিপিই ও চিকিত্সা সামগ্রী গ্রহণ করেন। মেয়র জানান, এরই মধ্যে ২০ হাজার চিকিত্সা সামগ্রী বিতরণ করা হয়েছে। চীন থেকে আরো প্রতিরোধক সামগ্রী ক্রয় করে আনা হচ্ছে। মেয়র জানান, গাজীপুর মহানগরীতে লাখ লাখ নিম্নআয়ের লোকজন বসবাস করেন। প্রাথমিক অবস্থায় এরকম প্রায় ২০ হাজার পরিবারকে যার যার বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।

জেলা পরিষদের করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামানের নির্দেশনায় জেলা পরিষদের সদস্যবৃন্দের মাধ্যমে জেলার প্রতিটি ওয়ার্ডে বিতরণের জন্য শুক্রবার দুপুরে ৭ হাজার মাস্ক, সাড়ে ১২ হাজার সাবান ও ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের উপস্থিতিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন।