ওসির কক্ষে যুবকের ঝুলন্ত লাশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তীব্র ক্ষোভ ও উদ্বেগ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:১২

বরগুনা আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে হত্যা মামলায় সন্দেহভাজন আটক শানু হাওলাদারের নিহত হওয়ার ঘটনায় গতকাল মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

এমএসএফ মনে করে, পুলিশ হেফাজতে আটক যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব, পাশাপাশি থানা হেফাজতে আটক কোনো ব্যক্তির মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনা তদন্তে দ্রুততার সঙ্গে তিন সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনকে সাধুবাদ জানালেও এমএসএফ দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যে, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বাহিনীর বাইরে থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক। এমএসএফ, হেফাজতে মৃত ব্যক্তির পরিবার থেকে উত্থাপিত অভিযোগসমূহ আমলে নিয়ে এসব অভিযোগ তদন্তে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি