‘জাতীয় উত্পাদনশীলতা বার্তা’র মোড়ক উন্মোচন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নীতি অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালনের জন্য শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম। একই সঙ্গে তিনি সরকারি দপ্তরে না এসেই জনগণ যাতে সহজে তথ্য সেবা পেতে পারে, সে লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পরামর্শ দেন।  ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উত্পাদনশীলতা বার্তা’ এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত শিল্পসচিব নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ে গতকাল এ অনুষ্ঠান আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এনপিও’র ‘বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮’ এর মোড়কও উন্মোচন করা হয়। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম বলেন, করদাতা হিসেবে জনগণ সরকারি তথ্য জানার অধিকার রাখেন। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে তথ্য অধিকার আইন পাস, তথ্য কমিশন গঠনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। সরকারি তথ্য প্রাপ্তির সুযোগ অবারিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন, নতুন কর্মসূচি প্রণয়ন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হচ্ছে।