এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে আমেরিকা ও থাইল্যান্ডে চিত্রায়িত ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’-এর তৃতীয় পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের রবি ও সোমবার প্রচার হচ্ছে। শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরীর যৌথ রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হূদি হক এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, জাকিয়া বারি মম, হূদি হক, লিটু আনাম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, আসিব চৌধুরী, তানজিকা আমিন, আইরিন পারভিন লোপা প্রমুখ। অনেকেরই ধারণা আমেরিকা মানেই স্বপ্নের দেশ। কোনোভাবে একবার যেতে পারলেই হয়, সব সমস্যার সমাধান। নীরাও জানতো না তার গন্তব্য কী হতে চলেছে। মনের গভীরে তৃষ্ণা ছিল, আমেরিকা প্রবাসী ফিরোজকে বিয়ে করে জীবনের অপূর্ণতাগুলো পূরণ করবে। ফিরোজের বয়সটা হোক না একটু বেশি। কিন্তু ফিরোজ তো এমন করে ভাবেনি। কিন্তু দু’দিকে তাকিয়ে থাকা দুটো মানুষের কী আর মনের মিল হয়? দিনদিন দূরত্ব বাড়ে। আর সেই দূরত্বে জায়গা করে নেয় রোহান। সারাক্ষণ আনন্দে থাকা ফিরোজের সহকর্মী রোহানের জন্য নীরার সঙ্গে সম্পর্ক যেখানে ছিল অনেক বেশি স্বপ্ন দেখা, নীরার ভাবনায় তা ছিল শুধুই বন্ধুত্বের ডাক। জটিলতা গভীর করে ফিরোজের হঠাত্ মৃত্যু। রিয়ার জন্য এতদিনের বন্ধু ব্যবসার অংশীদার সাগরের বিরুদ্ধে ফিরোজের ষড়যন্ত্র কিছুতেই মানতে পারছিল না নীরা।
