করোনা ভাইরাসের কারণে কার্যত গোটা বাংলাদেশই এখন লকডাউন। হোম কোয়ারেন্টাইনের এই সময়ে ধৈর্য্যশীল থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের পরিবার ও দেশের জন্য এখন বাসায় অবস্থান করতে সবাইকে অনুরোধ করেছেন তিনি। এক ভিডিও বার্তায় চিকিত্সাসেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। রিয়াদ বলেছেন, ‘একটা কথা না বললেই নয়, আমাদের ডাক্তারগণ, আমাদের নার্সরা ও চিকিত্সাসেবায় নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-১৯ এর মতো এই দুর্যোগ সময়ে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন ও দেশকে সেবা দিচ্ছেন, মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই মহত্ কাজে জন্য অবশ্যই পুরস্কৃত হবেন ইনশাল্লাহ।’ শ্রমজীবী মানুষ যারা এখন বেকার হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন রিয়াদ। তাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
