মা হারালেন হাবিবুল বাশার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৩২

গত ২২ মার্চ অসুস্থ মাকে দেখে ঢাকায় ফিরেছিলেন হাবিবুল বাশার সুমন। করোনা আতঙ্কে ঢাকার লালমাটিয়ায় গৃহবন্দী হয়ে থাকা জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক গতকাল মমতাময়ী মাকে হারিয়েছেন।

গতকাল দুপুর ১টার পর কুষ্টিয়ায় মারা যান হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম (৭০) (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বাবাকে হারিয়েছিলেন আগেই। কয়েক বছর আগে বড়ো ভাই সাবেক ফুটবলার, মোহামেডানের সোনালী সময়ের গোলরক্ষক একরামুল হক বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভোগে পরপারে পাড়ি জমান। এবার মাও চিরবিদায় নিলেন।

হাবিবুল বাশারের আরেক ভাই এমদাদুল বাশার রিপন খুলনা বিভাগীয় দলের কোচ। কুষ্টিয়া থেকে গতকাল তিনি জানিয়েছেন, ৫ বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন তিনি। বেশ কিছুদিন ধরেই পুরোপুরি শয্যাশায়ী ছিলেন রিজিয়া বেগম এবং কথাও বন্ধ ছিল। গত কয়েকদিনে তার শরীরের আরো অবনতি হয়। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।