দিনাজপুর জেলার অন্যতম ব্যস্ত শহর ফুলবাড়ী। যে শহরে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হতো, সে সড়কে আজ শুধুই হাতেগোনা দু-চারটি রিকশা-ভ্যান। সড়কের দুই পাশই প্রায় ফাঁকা। যেন বেমানান লাগছে শহরটিকে।
নিত্য যানজটে ঢাকা মোড় থেকে হাসপাতাল মোড় পেরোতে আধাঘণ্টারও বেশি সময় নষ্ট হয়, সেখানে শুধু দু-চারটি ব্যাটারিচালিত রিকশা-ভ্যান দাপিয়ে বেড়াচ্ছে। জনশূন্যে যেন শহর বড়োই বেমানান মনে হচ্ছে। শনিবার ঢাকামোড় এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। তিন রাস্তার মোড়ে যানবাহনের কোনো জটলা নেই, নেই কোনো হইচই। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার পাশাপাশি দু-একটি করে সিএনজি চলতে দেখা গেলেও যাত্রী বলতে ছিলেন দু-চার জন।
নিমতলা মোড়ে গিয়ে দেখা গেছে, সেখানেও যানবাহনের কোনো জটলা নেই। নেই রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষার সারি। দোকানপাটও তেমন খোলা নেই।
রিকশাচালক আব্দুল জব্বার ও সাইফুল ইসলাম বলেন, রাস্তাঘাটে কোনো লোকজন নেই। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ভাড়া পাওয়া গেছে মাত্র তিন/চারটি। শহরে তো কোনো মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার বাসায় ঢুকে যাচ্ছেন।
