ট্রাক-পিকআপে দলে দলে গ্রামে ফিরছেন নিম্ন আয়ের মানুষ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪০

কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ মালবাহী ট্রাক ও পিকআপে করে দলে দলে গ্রামে ফিরছেন। দুই জনের বেশি একসঙ্গে না থাকার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। আবার এসব নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাউকে মহাসড়কে দেখা যায়নি। এতে গ্রামের মানুষের মধ্যে করোনা ভাইরাস ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন শনিবার সকালে  উপজেলার কালিয়াকৈর  আন্ডারপাস ও শ্রীফলতলী বাইপাস  বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ট্রাক ও পিকআপে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় মালামাল পরিবহনের  ট্রাক ও পিকআপে চড়ে  নারী-পুরুষ গাদাগাদি করে গন্তব্যে ফিরছে।

জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে মালবাহী ট্রাক ও পিকআপে করে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতার জন্য শিল্প-কারখানা ছুটি ঘোষণা করেছে। শ্রমিকরা যেভাবে গাদাগাদি করে গ্রামের বাড়ি ফিরছেন, তাতে ঐসব এলাকার মানুষের মধ্যে  ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে।