মির্জাপুর সরকারি হাসপাতাল

বিভিন্ন সমস্যায় জর্জরিত রোগীদের দুর্ভোগ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:০৩

বিভিন্ন সমস্যায় জর্জরিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল। জ্বর, ঠান্ডা, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিত্সা নিতে এসে বিশেষজ্ঞ চিকিত্সক না পেয়ে ফিরে যাচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশ, জেনারেটর বন্ধ, এক্সরে মেশিন অচল, যন্ত্রপাতি, অ্যানেসথেসিয়া ও অভিজ্ঞ চিকিত্সকের অভাবে জরুরি অপারেশন বন্ধ।

চিকিত্সা নিতে আসা মাঝালিয়া গ্রামের লিয়াকত মিয়া (৩০) এবং কাটরা গ্রামের মাকসুদা বেগমসহ (৫৫) একাধিক রোগী অভিযোগ করে বলেন, চিকিত্সার জন্য এলে এখানে চিকিত্সকদের নিয়মিত পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, অ্যানেসথেসিয়াসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিত্সক নেই। প্যাথলজি বিভাগ চালু থাকলেও জরুরি কোনো পরীক্ষা হচ্ছে না। এক্সরে মেশিন বিকল দীর্ঘদিন ধরে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, আমি অল্প কিছু দিন ধরে যোগদান করেছি। অভিজ্ঞ চিকিত্সক সংকটসহ হাসপাতালের জেনারেটর চালানোর জন্য তেল বরাদ্দ না থাকায় বন্ধ রয়েছে। হাসপাতালের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের চিত্র তুলে ধরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সেবার মান বাড়াতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেন, হাসপাতালের সমস্যা সমাধানের চেষ্টা করছি। টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জাপুর সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।