চাটমোহরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৪

১০ দিনের সরকারি ছুটি পেয়ে চাটমোহরসহ আশপাশের উপজেলার গ্রামে এসেছেন শত শত মানুষ। গ্রামে গ্রামে মানুষ আসার এই দৃশ্য অনেকটা ঈদের ছুটিতে বাড়ি ফেরার মতো। ইতিমধ্যে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন করা হয়েছে। এই গ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একই দিন ফিরেছেন ৬০ জনের অধিক শ্রমজীবী। চাটমোহর উপজেলার বাইরে থেকে আগতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হলেও বেশির ভাগ ব্যক্তিই তা মানছেন না। তারা সর্বত্র ঘোরাঘুরি করছেন। তাছাড়া সামাজিক দূরত্ব মানার বালাই নেই। হাটবাজার ও নিত্য প্রয়োজনীয় দোকানে ভিড় চলছেই। শনিবার চাটমোহর পুরাতন বাজার, নতুন বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে এসব চিত্র দেখা গেছে। তবে শহরের দোকানপাট সব বন্ধ ও রাস্তাঘাট সব ফাঁকা। চাটমোহরে বিদেশ থেকে আসা ১৩৯ জন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা স্থানীয় প্রশাসন বললেও আরো ১০ জনের হদিস নেই।  এদিকে চাটমোহরসহ চলনবিল অঞ্চলের শ্রমজীবীরা কাজে যেতে না পেরে দিশাহারা হয়ে পড়েছেন। ইতিমধ্যে সকল দোকানপাট, চায়ের দোকান, যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বেকার হয়ে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শ্রমজীবী মানুষের দুর্দশার চিত্র।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা বাইরে থেকে এসেছেন, তাদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।