বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত এক মাসে ৪৩৬ ব্যক্তি গাইবান্ধায় ফিরেছেন। কিন্তু এর মধ্যে মাত্র ১৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশফেরত বাকি ২৫৩ ব্যক্তির কোনো হদিস এখনো পাওয়া যায়নি। এ নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে পুলিশ বলছে, বর্তমান কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সঙ্গে বিদেশফেরতের হিসাব মিলবে না। কারণ অনেকে পাসপোর্টে গাইবান্ধায় স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন। কিন্তু বর্তমানে তারা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ফলে বাড়ি বাড়ি গিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪৩৬ ব্যক্তি গাইবান্ধা জেলায় এসেছেন। এর মধ্যে খুঁজে খুঁজে ১৮৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু অবশিষ্ট বিদেশফেরত ২৫৩ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা স্বাস্থ্য বিভাগের এক চিকিত্সক জানান, ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককে। কিন্তু অনেকে গাইবান্ধার কোনো আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকলে তা হবে বিপজ্জনক। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিদেশফেরত ২৫৩ জনের ব্যাপারে খোঁজ করা হচ্ছে। তাদের সন্ধানে বিভিন্ন থানাসহ পুলিশের বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছে।
