করোনার ওষুধ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৭

সরাইলে করোনা ভাইরাসে ওষুধ আবিষ্কার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শ্রাবণ মিয়া (২৫)। পুলিশ জানায়, শ্রাবণ গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে সে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে। তাকে যদি ২৫ হাজার কোটি টাকা দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস দূর করে দিতে পারবে। এমন প্রচারের পর গ্রামের মানুষ তার কাছে ওষুধের জন্য ভিড় করতে থাকে। খবর পেয়ে ঐ রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে শ্রাবণের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে।