সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৫২

 নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপজেলা পরিষদের পক্ষ থেকে এ পিপিই বিতরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খানের হাতে আনুষ্ঠানিক পিপিই তুলে দেন সৈয়দ ফয়েজুল ইসলাম।

পাকুন্দিয়ায় হোম কোয়ারেন্টাইন শেষ ২৩ জনের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৬ জনের মধ্যে ২৩ জন হোম কোয়ারেন্টাইনের ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, কোয়ারেন্টাইনে থাকা বেশির ভাগই সৌদি প্রবাসী। ডাক্তার ও নার্সদের সুরক্ষার জন্য সরকার প্রদত্ত পাঁচটি ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ১০টিসহ মোট ১৫টি পিপিই রয়েছে।

সুনামগঞ্জে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ  ও  সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  খায়রুল হুদা চপল এ ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক সবুজ কান্তি দাস প্রমুখ।

পলাশে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধের অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ১ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০ জন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা নির্বাচনী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী। চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা ফখরুদ্দিন আল রাজী ও ইউপি সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূঞাপুরে দরিদ্রদের মধ্যে সাবানসহ খাদ্যদ্রব্য বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে হতদরিদ্রদের মধ্যে সাবানসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করেছে প্রশাসন। শনিবার দুপুরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ১০০টি পরিবারের মধ্যে একটি করে সাবান, ১০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম প্রমুখ।

তিতাসে সাবান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা  উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ হাজার সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে ৯টি ইউনিয়নের চেয়ারম্যানের হাতে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ সামগ্রী তুলে দেওয়া হয়। ৫ হাজার সাবান, ৫ হাজার মাস্ক ও ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানুল ইসলাম, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ।

কোটালীপাড়ায় মাস্ক সাবান স্যানেটাইজার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘আমরা মানবতার সেবক’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক, সাবান ও স্যানেটাইজার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার সদরে ভ্যান চালকসহ প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরাসহ মানবতার সেবক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

হতদরিদ্রদের মধ্যে চাল ও অর্থ প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি করোনা ভাইরাস মোকাবিলায় দোকানপাট, হোটেল-রেস্টুরেন্ট ও পত্রিকা বিলি বন্ধ থাকাসহ হতদরিদ্র-দিনমজুরদের কাজ না থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের চাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সহযোগিতায় পত্রিকার ৬০ জন হকার, প্রেসক্লাব ক্যান্টিনের কর্মচারি, স্টাফ, গার্ড ও দিনমজুরসহ ২০০ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা তুলে দেন ময়মনসিংহ প্রেসক্লাবের ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১০টা থেকে উপজেলার সাতটি ইউনিয়নের ৯৯টি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, ইউডিপির দুর্গা রাণী সাহা, দামপাড়া ইউপির চেয়ারম্যান মো. আবু তাহের প্রমুখ। অন্য দিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে কারার ইখতিয়ারুল আহম্মেদ ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

করোনা সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি  করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটি  মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। শনিবার সকালে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও হাট-বাজারে সচেতনতামূলক মাইকিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম, ইউনিট অফিসার তরিকুল ইসলামসহ ইউনিটের স্বেচ্ছাসেবকগণ । 

বাঁশখালীতে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা করোনা আতঙ্কে ক্ষতিগ্রস্ত ২ সহস্রাধিক গরীব অসহায় লোকজনের মধ্যে চাল, ডাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলায় চাল ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি জনকে চাল, ডাল, লবণ, আলু, চিনি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

নরসিংদীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান

নরসিংদী প্রতিনিধি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের বিভিন্ন বাজার ও সড়কগুলোতে মহড়া দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি। সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

শিবপুরে করোনা সচেতনতায় মাইকিং

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। শনিবার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচারণা চালায় শিবপুর মডেল থানা। নরসিংদী জেলা এএসপি (ক্রাইম) শফিউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, ও ওসি মোমেনুল ইসলাম প্রমুখ।

হোম কোয়ারেন্টাইন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা তারাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৪ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রসাশন। শনিবার সকালে প্রতি পরিবাকে তাদের নিজ বাড়িতে গিয়ে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, হাফ লিটার তেল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. লুতফুল হাসান, উপজেল স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আশরাফুল সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ও স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু ।