বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলকে ৯ উইকেটে পরাজিত করে ট্রফি জিতে নেয় দক্ষিণাঞ্চল। টানা দুই বিসিএলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দলটি। সাত আসরে মোট চারবার শিরোপা জিতলো দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চল দুইবার, বিসিবি উত্তরাঞ্চল একবার করে ট্রফি জিতেছে।
এবার রানার্সআপ হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। গত বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনেই ওয়ালটন মধ্যাঞ্চলকে ৩২১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মুমিনুল হকের দল।
ছয় ম্যাচে দুটি জয়, একটি হার ও তিনটি ড্রসহ ৩১.৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো দক্ষিণাঞ্চল। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া পূর্বাঞ্চলের জয় একটি ও ড্র পাঁচটি। ২৩.৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওয়ালটন মধ্যাঞ্চল। তলানীতে থাকা বিসিবি উত্তরাঞ্চলের সংগ্রহ ১৮.৬১ পয়েন্ট।
শিরোপা জয়ের মঞ্চ তৈরি হয়েই ছিল দক্ষিণাঞ্চলের। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ২৯৩ রানের জবাবে এনামুল হক বিজয় ও আল-আমিন জুনিয়রের জোড়া সেঞ্চুরিতে ৫৪১ রানের বিশাল স্কোর গড়েছিল আব্দুর রাজ্জাকের দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের স্কোর ছিল পাঁচ উইকেটে ১৮৬ রান। গতকাল শেষ পাঁচ উইকেটে আরও ৯৪ রান যোগ করে দলটি। ২৮০ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য দক্ষিণাঞ্চলের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩ রান।
ছোট্ট এই লক্ষ্য পাড়ি দিতে সময় নেয়নি দক্ষিণাঞ্চল। ৭.১ ওভারে এক উইকেটে ৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয় দলটি। বিজয় অপরাজিত ২০, ফজলে মাহমুদ অপরাজিত ৮ রান করেন। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ৭ রান করে ধীমান ঘোষের শিকার হন।
এর আগে গতকাল সকালে রাজ্জাকের ঘূর্ণিতেই উত্তরাঞ্চলের স্কোরটা বড় হয়নি। প্রতিপক্ষের চারটি উইকেটই নিয়েছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক। ব্যথা পাওয়ায় ব্যাটিং করেননি উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলাম। বাঁহাতি স্পিনার রাজ্জাক উত্তরাঞ্চলের ব্যাটিং লেজটা গুটিয়ে দিয়েছেন। ধীমান ঘোষ (১৩), সানজামুল ইসলাম (২), সাকলাইন সজীব (৭), এবাদত হোসেন (৯) রাজ্জাকের শিকার হন। তবে একপ্রান্ত আগলে খেলে গেছেন জিয়াউর রহমান। আগের দিনের ১৫ রান নিয়ে খেলতে নেমে গতকাল ৬৬ রান যোগ করেছেন তিনি। দুটি চার ও ছয়টি ছক্কাসহ ৭৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
রাজ্জাক ৭৫ রানে পাঁচ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের এটি ৩৮তম পাঁচ উইকেট। প্রথম ইনিংসেও সাত উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল-১ম ইনিংস: ২৯৩ ও ২য় ইনিংস: ৮২.২ ওভারে ২৮০ (জিয়াউর ৭৭, ধীমান ঘোষ ১৩; রাজ্জাক ৫/৭৫, নাহিদুল ১/২২, মনির হোসেন ১/৩৮, শফিউল ১/৪৪, মেহেদী হাসান ১/৯২)
দক্ষিণাঞ্চল-১ম ইনিংস: ৫৪১ ও ২য় ইনিংস: ৭.১ ওভারে ৩৫/১ (বিজয় ২০*, ফজলে মাহমুদ ৮*, শাহরিয়ার নাফিস ৭; ধীমান ঘোষ ১/১০)
ফল: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আব্দুর রাজ্জাক (দক্ষিণাঞ্চল)
