‘জেতার স্কোর’ পেয়ে গেছে ভারত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

এমসিসির এই নতুন উইকেট নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিলো। কেউ ভাবছিলেন, আগের মতোই রান উত্সব হবে এখানে। কেউ ভাবছিলেন, প্রাণবন্ত করতে গিয়ে পেস বোলারদের স্বর্গ বানিয়ে ফেলা হবে। দুটোর কোনোটাই হয়নি। ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। তবে ভারতের একমাত্র সেঞ্চুরিয়ান চেতেশ্বর পুজারা বলেছেন, এখানে রান করাটা খুব কঠিন একটা কাজ। আর সেজন্যই তিনি মনে করছেন, এই ম্যাচ জেতার মতো স্কোর ভারত পেয়ে গেছে।

২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করেছিলো ভারত। পুজারা ৬৮ রানে ও কোহলি ৪৭ রানে ব্যাট করছিলেন। ভারত প্রথম দিনে ব্যাট করতে গিয়ে শুরুতেই হারিয়েছিলো তরুণ ওপেনার হনুমা বিহারির উইকেট। এরপর ভারতকে শক্ত ভিত এনে দেন অভিষিক্ত মানায়ক আগারওয়াল ও তাদের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান পুজারা। দুজনে ৮৩ রানের জুটি করেন। আগারওয়াল ১৬১ বলে ৭৬ রান করে আউট হয়ে যাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক কোহলি ও পুজারা।

গতকাল সকালেও দু’জনে দারুণ ব্যাটিং করেন। একটা সময় মনে হচ্ছিলো, দু’জনই সহজে সেঞ্চুরি পেয়ে যাবেন। কিন্তু কোহলি মাত্র ১৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলে এই জুটি ভাঙে। কোহলি ও পুজারা ১৭০ রান যোগ করেন। কোহলি ২০৪ বলে ৯টি চারে সাজানো ৮২ রানের ইনিংস খেলে স্টার্কের প্রথম শিকার হয়ে ফেরেন। এরপর বাকি দিনটা প্রথমে রাহানে ও পরে রোহিত শর্মাকে নিয়ে ভারতকে রান পাহাড়ে তুলে দেওয়ার কাজ করেন পুজারা। রাহানে ৩৪ রান করে ফেরেন।

এরপর রোহিতের সাথেও ভালো একটা জুটি করেন পুজারা। শেষ পর্যন্ত দারুণ ধৈর্যশীল এই পুজারার ইনিংস শেষ হয় ১০৬ রানে। ৩১৯ বলে ১০টি চারে সাজানো এই ইনিংস খেলে কামিন্সের ইনিংসে তৃতীয় শিকার হয়ে ফেরেন পুজারা।

তারপরও ভারতের এই ধীরগতির ইনিংস গড়ার কাজ চলেছে। এই পর্যায়ে কাজটা হাতে নেন রোহিত শর্মা। তিনি ১১৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। রোহিতকে সঙ্গ দিচ্ছিলেন ৩৯ রান করা ঋষভ পান্ট। পান্ট ফেরার পর জাদেজা নেমে ৪ রান করেন। আর জাদেজা আউট হতেই ইনিংস ঘোষণা করে দেয় ভারত। গতকালই শেষ বিকেলে ব্যাটিং করতে নেমেছে অস্ট্রেলিয়া। কোনো বিপদ ছাড়াই ৬ ওভার কাটিয়ে দিয়ে ৮ রান তুলেছে তারা। 

ভারত উইকেট বেশি না হারালেও রান করতে অত্যন্ত সংগ্রাম করতে হয়েছে। দিনে গড়ে দুইশ’ রানের মতো করে করতে পেরেছে তারা। আর এজন্যই পুজারা মনে করছেন, তারা যথেষ্ট স্কোর পেয়ে গেছেন, ‘এটা স্কোর করার জন্য খুব কঠিন একটা উইকেট। আমরা যদি প্রথম দুইদিনের দিকে তাকাই, তাহলে দেখবো, এখানে রান খুব কম হয়েছে। সেদিক থেকে দেখলে এখানে দিনে ২০০ রান করা কঠিন কাজ। ফলে আমার মনে হয়, আমরা বোর্ডে যথেষ্ট রান পেয়ে গেছি।’

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-১ম ইনিংস: ১৬৯.৪ ওভারে ৪৪৩/৭ ডিক্লেয়ার (পুজারা ১০৬, কোহলি ৮২, আগারওয়াল ৭৬, রোহিত ৬৩*, পান্ট ৩৯, রাহানে ৩৪; কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭)

অস্ট্রেলিয়া-১ম ইনিংস: ৬ ওভারে ৮/০।