করোনা শনাক্ত ও কিট উদ্ভাবনের উদ্যোগ ঢাবির

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১০

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শরীরে করোনা ভাইরাস শনাক্তকরণ ও কিট উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে এ সভা আয়োজিত হয়।

সভায় জানানো হয় যে, করোনা ভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। তবে এই বিশেষজ্ঞ ও দক্ষ লোকবলের সর্বোত্তম ব্যবহার করার জন্য একটি স্বতন্ত্র ও বিশেষায়িত অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা জরুরি। এই ল্যাব করোনা ভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোনো ভাইরাস ও অণুজীব শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে ব্যবহূত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ দেশের অন্যত্র একই প্রকৃতির ল্যাব প্রতিষ্ঠা ও ল্যাব পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সহায়তা প্রদান করতে সক্ষম বলে সভায় জানানো হয়। প্রশাসনের নেওয়া এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ডা. শাহরিয়ার নবী। এই কমিটি সরকারের সংশ্লিষ্ট জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।