কুমিল্লার হয়ে বিপিএল খেলবেন স্টিভ স্মিথ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

সাত দিনের মধ্যেই বদলে গেছে দৃশ্যপট। যদিও অনেক জল ঘোলা হয়েছে এর মাঝে। সর্বশেষ খবর হলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলবেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গতকাল সকালে দলটির চেয়ারপারসন নাফিসা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্মিথ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে আসছেন।

যদিও গত ২০ ডিসেম্বর বিসিবি ঘোষণা করেছিল বিপিএলে এবার আর খেলা হচ্ছে না স্মিথের। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছিল, কুমিল্লা দলে তার অন্তর্ভুক্তিতে টুর্নামেন্টের বাইলজের ব্যত্যয় হয়েছিল বলে আপত্তি জানিয়েছিল বাকি ফ্র্যাঞ্চাইজিরা। ফলে স্মিথের বিপিএলে খেলার সম্ভাবনার আকাশে কালো মেঘ নেমে আসে। যদিও এই বিপিএল গভর্নিং কাউন্সিলই এর আগে আসেলা গুনারত্নের বদলি হিসেবে স্মিথকে কুমিল্লা দলে খেলার অনুমোদন দিয়েছিল।

এবার বাইলজে পরিবর্তন এনে বল টেম্পারিংয়ের কারণে নিষেধাজ্ঞায় পড়া স্মিথকে আবারো বিপিএল খেলার অনুমতি দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল সকালে বাকি দলগুলোকে চিঠি দিয়ে বাইলজে পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছে তারা।

বাইলজে পরিবর্তন এনে পাঠানো চিঠিতে দলগুলোকে জানানো হয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফটের তালিকার বাইরে থেকে একজন করে বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। স্মিথের কারণে বাকি দলগুলোও সরাসরি আরেকজন ক্রিকেটার দলে নিতে পারবে।

এর আগে বাইলজ অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারের বদলি হিসেবে নতুন কাউকে নিতে হবে ড্রাফট তালিকা থেকে। ড্রাফটের তালিকার বাইরে থেকে নেওয়া যাবে না। আর বিপিএল ড্রাফটে ছিল না স্মিথের নাম। তখন কুমিল্লাকে অনুমতি দেওয়ায় আপত্তি জানায় অন্য ফ্র্যাঞ্চাইজিরা। সবার আগে আপত্তি জানায় রংপুর রাইডার্স। পরে বাকি দলগুলোও যোগ দেয়। পরে আপত্তির মুখে স্মিথকে বিপিএল খেলার জন্য দেওয়া অনুমতিপত্র প্রত্যাহার করে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নারও। তাকে দলে টেনেছে সিলেট সিক্সার্স। স্মিথের সঙ্গে শুরুতেই যোগাযোগ করেছিল কুমিল্লা। কিন্তু তখনো তিনি কিছু জানাননি। তাই ড্রাফটেও নাম রাখা হয়নি। পরে স্মিথই আগ্রহ দেখান বিপিএলে খেলতে। কুমিল্লা শ্রীলঙ্কান ক্রিকেটার আসেলা গুনারত্নের বদলি হিসেবে তাকে দলে টানে। বিপিএল খেলতে বেশ উদ্গ্রীব স্মিথ। এক ভিডিও বার্তায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমী, কুমিল্লার সমর্থকদের শুভকামনা জানিয়েছিলেন তিনি।

এদিকে গতকাল বিপিএলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর স্টেডিয়ামে। দলগুলোর ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়। পরে সিলেটের ম্যানেজার হান্নান সরকার স্মিথকে খেলার অনুমোদন দেওয়া সম্পর্কে গতকাল বলেছেন, ‘আমরা আজ (গতকাল) সকালেই চিঠি পেয়েছি। সরাসরি খেলোয়াড় নেওয়ার সবাইকেই সুযোগটা দেওয়া হয়েছে।’

খুলনা টাইটান্সের ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা বিষয়টি ইতিবাচকভাবেই দেখছি। বিপিএলের ভালোর জন্য হয়ত এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্মিথের মতো খেলোয়াড় খেললে টুর্নামেন্টের গ্ল্যামারও বাড়বে।’

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন বলে বিপিএলের ষষ্ঠ আসর দারুণ উপভোগ্য হতে পারে।

শেষ পর্যন্ত কুমিল্লার দলটা হয়েছে দুর্দান্ত। এভিন লুইস, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরাদের সঙ্গে যোগ দিবেন স্মিথ। যদিও শুরুতে চারটি ম্যাচ খেলবেন না তিনি। চার ম্যাচ খেলে চলে যাবেন শোয়েব মালিক। তার জায়গাতেই খেলবেন এই অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটসম্যান।