রাজশাহীর ২০ হাজার নিম্ন আয়ের পরিবারকে চাল-ডাল দেবে রাসিক

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৪

করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা নিম্নআয়ের ২০ হাজার পরিবারকে চাল ও ডাল দেবেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হবে। শনিবার নগর ভবনে চাল ও ডালের প্যাকেট প্রস্তুত করা হয়। ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের মাধ্যমে এসব চাল-ডাল বিতরণ করা হবে।

মেয়র লিটন বলেন, রাজশাহী মহানগরবাসীকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছে রাসিক। আর্থিক সংকটে অসহায় নিম্নআয়ের মানুষের মধ্যে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে চাল-ডাল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে করোনা ভাইরাস বিস্তার রোধে রাসিক ৩০টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন, আপদকালীন খাদ্য সরবরাহ, ২০ হাজার মাস্ক তৈরি ও অতিসত্বর বিতরণের ব্যবস্থা, নগরীর ২৭টি পয়েন্টে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, ৩০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা লিফলেট বিতরণ, মাইকিং, কেবল নেটওয়ার্কে এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রচার, নগরীর রাস্তা জীবাণুমুক্তকরণ, চিকিত্সকদের সুরক্ষায় চীন থেকে ৩০০ পিপিই ক্রয়, পরিচ্ছন্ন কর্মীদের জন্য নিরাপদ পোশাক, মাস্ক, হ্যান্ড গ্লাভস্ সরবরাহ ও স্প্রে মেশিন ক্রয় এবং ওয়ার্ড পর্যায়ে স্প্রে করা হচ্ছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।