চাঁদপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক তত্পরতা চালাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শহরের ওষুধ, কাঁচামালের দোকান ও সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বাকি সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে পুলিশ শহরের পালবাজার গেইট, কালিবাড়ী শপথ চত্বর, ছায়াবাণীর মোড়, মিশন রোড, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দিচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে বন্ধ রয়েছে চাঁদপুর-ঢাকা নৌরুটের যাত্রাবাহী লঞ্চ ও ট্রেন। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। চাঁদপুর থেকে মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন ছেড়ে যায়নি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সরকারি নির্দেশনার আলোকে চিকিত্সক, রোগী বহনকারী পরিবহন ও প্রয়োজনীয় বাহন ছাড়া বাকি সকল পরিবহন বন্ধ করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। যারা ঘর থেকে বাহির হয়েছেন তারা একান্ত প্রয়োজনে কাঁচাবাজার কিংবা ওষুধ কিনতে আসছেন। এর বাইরে যারা আসছে তাদেরকে বুঝিয়ে সরকারি নির্দেশনা নিশ্চিত করছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৯৪ জন। ১৪ দিন অতিক্রম হওয়ায় স্বাভাবিক জীবনযাপনে এসেছে ১২৯ জন। নতুন কেউ হোম কোয়ারেন্টাইনে যোগ হননি।
