গৌরীপুরে শ্বাসকষ্টে এক জনের মৃত্যু গুজব করোনা

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৬

গৌরীপুরে শ্বাসকষ্টে আবু সাঈদ (৬৩) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত্ শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুতে মুহূর্তের মধ্যে গুজব রটে যায় আবু সাঈদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাকে দেখতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন হাবুল মিয়া নামে এক প্রতিবেশী। এতে মৃতের দাফন-কাফনেও তৈরি হয় জটিলতা। আবু সাঈদ পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার বাসিন্দা।

খবরে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, পৌরসভার কাউন্সিলর শিউলী চৌধুরী ও উপজেলা মনিটরিং টিমের কর্মকর্তারা।

মেডিক্যাল টিম প্রধান ডা. মোহাম্মদ রবিউল ইসলাম মৃতের চিকিত্সার বর্ণনা ও প্রতিবেশী মো. হাবুল মিয়া মনিটরিং টিমের সামনে দীর্ঘদিন যাবত্ তার শ্বাসকষ্টে আক্রান্তের চিকিত্সার প্রমাণপত্র উপস্থাপন করেন। রোগের বর্ণনা ও দালিলিক কাগজপত্র দেখে মেডিক্যাল টিম প্রধান বলেন, আবু সাঈদ করোনা ভাইরাসে নয়, শ্বাসকষ্টে মারা গেছেন। গুজবে কান না দিয়ে, ধর্মীয় রীতি-নীতিতে লাশের দাফন সম্পন্ন করার জন্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এলাকাবাসীকে আহ্বান জানান।