জয়পুরহাটে ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৬

জয়পুরহাটে আব্দুল জলিল (৩৮) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার জেলা সদরের আমদই ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর ত্রিমোহনী ব্রিজের উত্তর পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। জলিল আমদই ইউনিয়নের সুন্দরপুর নয়াপাড়া এলাকার ময়েন উদ্দিনের ছেলে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হক জানান, আমদই ইউনিয়নের সুন্দরপুর নয়াপাড়া এলাকার জলিল অন্যান্য দিনের মতো শুক্রবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তুলশীগঙ্গা নদীর ত্রিমোহনী ব্রিজের উত্তর পাশে চাবি দেওয়া অবস্থায় একটি ভ্যান পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর একটু দূরত্বে নদীর কিনারে জলিলের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ জলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এছাড়াও ময়নাতদন্ত শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানান তিনি।