প্রত্যেক জেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করছে ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৭

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন ও সহায়তার জন্য প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো। গতকাল শনিবার এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এ ব্যাপারে কী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তা কেন্দ্রকে জানাতে হবে।

বিবৃতিতে বলা হয়, স্বেচ্ছাসেবকদের সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভসসহ সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে কাজে নামাতে হবে। পলিটব্যুরোর বিবৃতিতে আরো বলা হয়, দেশে এখন কার্যত লকডাউন চলছে। এর ফলে গরিব শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়েছে এবং তাদের খাদ্য-ওষুধ জোগাড় করতে বিশেষ অসুবিধা হচ্ছে।

পার্টির প্রতিটি ইউনিটকে স্থানীয় বিত্তবানদের কাছ থেকে এবং নিজেদের তরফ থেকেও সাহায্য জোগাড় করে এসব দিনে আনা-দিনে খাওয়া মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে এদের সহায়তা প্রদানের কিছু ব্যবস্থা নিয়েছে, এগুলো যাতে সঠিকভাবে দেওয়া হয় সে ব্যাপারেও নজরদারি করার আহ্বান জানায় দলটি।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিস সবসময় খোলা থাকছে এবং যে কোনো সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।