করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন তটস্থ তখন একটু হলেও আশার আলো দেখিয়েছেন ইতালির এক নারী। ১০২ বছর বয়সি এই নারী দীর্ঘ ২০ দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে সুস্থ হয়ে উঠেছেন।—খবর সিএনএনের
ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় জেনোয়া শহরে বসবাস করেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর স্থানীয় স্যান ম্যার্টিনো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিত্সক ভেরা সিকবালদি বলেন, আক্রান্ত ইটালিয়া গ্রোনদোনা মার্চের শুরুতে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। সে সময় তার ভিতর মৃদু করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। আমরা তখন তার পরীক্ষা করে করোনা পজিটিভ পাই। তবে তার চিকিত্সায় আমরা সামান্যই করেছি। তিনি নিজে নিজেই সুস্থ হয়ে উঠেছেন। এ ব্যাপারে হাসপাতালের অন্যান্য চিকিত্সক জানান, বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২৬ মার্চ গ্রোনদোনা হাসপাতাল থেকে ছাড়া পান। এখন তিনি হোম কেয়ারে আছেন। সিকবালদি আরো জানান, আমরা তার সেরোলোজিক্যাল নমুনা পেয়েছি। তিনিই প্রথম রোগী যিনি ১৯১৮/১৯ সালের ভয়াবহ স্প্যানিশ ফ্ল্যুর সময়ে জন্মগ্রহণ করেছিলেন। সে সময়ে ঐ মহামারিতে ৫ কোটি মানুষ মারা যায়। গ্রোনদোনার ভাগ্নে রেনাতো ভিলাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন। তিনি বলেন, আমি জানি না তার (গ্রোনদোনা) সেরে উঠার গোপন রহস্য কী। তবে তিনি একজন মুক্ত এবং স্বাধীনচেতা মানুষ।
