চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

নতুন চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২১

কাস্টমস স্পোর্টস ক্লাব জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশ।

গত বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত লিগের শেষ খেলায় কাস্টমস ক্লাব মোতালেবের দেওয়া একমাত্র গোলে (১-০) ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। ক্লাবটি ১৯৮৩ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যৌথভাবে একবার শিরোপা জিতেছিল। তারপর সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগ জিতলো কাস্টমস স্পোর্টস ক্লাব। 

এদিকে লিগে সিটি কর্পোরেশন একাদশকে রানার্সআপ পজিশনের জন্য মোহামেডান ব্লুজ দলের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলাটিতে সিটি কর্পোরেশন টাইব্রেকারে ৩-২ গোলে হারায় মোহামেডান ব্লুজ দলকে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে জয়ী দলের হয়ে গোল করেন বুকোলা, সজল ও সোহাগ এবং বিজিত দলের হয়ে গোল করেন এনামুয়্যেল ও রাহাত।