চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের পাশে পুলিশ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫৭

করোনা ভাইরাস সংক্রমণ রোধে অনেকটা ঘরে আবদ্ধ থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জনসাধারণকে যাতে ঘর থেকে বের হতে না হয়, সেজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি উত্তর জোনের উপপুলিশ কমিশনার বিজয় বসাক। তিনি বলেন, চারটি থানা এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা জনসাধারণকে পুলিশের পক্ষ থকে ডোর টু ডোর এই সার্ভিস পৌঁছে দেওয়া হবে।

বিজয় বসাক আরো      বলেন, নাগরিকদের সুবিধার কথা ভেবে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন, শুধু তারাই এই সবের আওতাভুক্ত থাকবেন। এক্ষেত্রে সব গ্রহীতাকে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে পুলিশ সহায়তা করছে। আমরা ‘স্টে হোম’ কার্যক্রম চালু করেছি। যারা ঘর থেকে বের হচ্ছেন না, তাদের চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। যে কোনো উপায়ে আমাদেরকে করোনার সংক্রমণ রোধ করতে হবে।

সিএমপির উত্তর বিভাগের সেবা প্রদানকারী এই চারটি থানা এবং ফোন হলো—বায়জিদ বোস্তামী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী-০১৭৬৯৬৯৫৬৬৬, চাদগাঁও-০১৭৬৯৬৯৫৬৬৯ এবং পাঁচলাইশ-০১৭৬৯৬৯৫৬৭০।

বিজয় বসাক বলেন, এসব নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসার ফোন রিসিভ করে নাগরিকদের অর্ডার নিবেন। পরবর্তী সময়ে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবেন। কাঙ্ক্ষিত পণ্য বুঝে নিয়ে মূল্য পরিশোধ করবেন তারা।