তেজগাঁওয়ে বিক্ষোভের মুখে করোনা হাসপাতালের নির্মাণকাজ বন্ধ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫৭

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ কাজে বাধা দিয়েছেন স্থানীয় বস্তিবাসী। গতকাল শনিবার বেলা ১টার দিকে কয়েকশ লোক ভবনটির সামনে অবস্থান নেয় এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা প্রতিষ্ঠানটির কয়েক জন নিরাপত্তাকর্মীর ওপর হামলাও চালায়। এতে তিন জন নিরাপত্তাকর্মী আহত হয়। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে আকিজ গ্রুপ।

আকিজ গ্রুপ সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ঢাকায় ৩০১ শয্যার একটি হাসপাতাল তৈরির কাজ করছিল দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়। যেটি তৈরি হলে বিনামূল্যে রোগীদের চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করত আকিজ গ্রুপ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ১৮৪ নম্বর প্লটে নির্মাণাধীন হাসপাতালের চারদিকে যেসব প্লট রয়েছে, সেগুলোতে প্লটমালিকরা টিনশেড বস্তি স্থাপন করেছে। হাসপাতাল নির্মাণকাজ শুরু হলে বস্তিবাসীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। তারা বলতে থাকে, এই এলাকায় করোনা রোগীর চিকিত্সার জন্য হাসপাতাল হলে তাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়বে। গতকাল সকাল ১১টার দিকে ২০০ থেকে ৩০০ বস্তিবাসী মিছিল করে নির্মাণাধীন হাসপাতালের গেটের সামনে জড়ো হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি। শফিউল্লাহ শফি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ‘এখানে করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিত্সার জন্য হাসপাতাল হবে শুনে হাজারখানেক লোক এসেছিল। আমি এসে তাদের শান্ত করেছি। তারা আমার লোকজন না, তারা স্থানীয় বস্তিবাসী। পরে আকিজ গ্রুপের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। হাসপাতাল হবে না এবং নির্মাণকাজ বন্ধ থাকবে—এমন আশ্বাস দিলে এলাকাবাসী চলে যায়।’

হাসপাতাল নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘আমি হাসপাতালের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার কে? বিষয়টি আকিজ গ্রুপ দেখছে। তখন আমি পরিস্থিতি শান্ত করার জন্য বলেছি। তবে এ ব্যাপারে আকিজ গ্রুপকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, আকিজ গ্রুপের ঐ প্লটের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা আছে। পুলিশ হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে আকিজ গ্রুপকে।

আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগামী সাত-আট দিনের মধ্যে ৩০০ শয্যার ঐ হাসপাতাল প্রস্তুত করতে তাদের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা কাজ শুরু করেছেন। হাসপাতালে আইসিইউসহ করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। চিকিত্সা দেওয়া হবে বিনামূল্যে। কিন্তু হাসপাতাল হলে ঐ এলাকার বাসিন্দারা করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন—এমন গুজবে শনিবার দুপুরে ২০০ লোক আকিজের ঐ স্থাপনায় গিয়ে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে এবং বলাকা মোড়ে বিক্ষোভ দেখায়।