আমতলীতে থানা হেফাজতে মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫৭

আমতলী থানা হাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে বরিশালের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহকে প্রধান করে তিন সদস্যের উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার তদন্ত কমিটি আমতলী থানা পরিদর্শন করেছে।

এদিকে আমতলী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পটুয়াখালী জেলার কলাপাড়া সার্কেলের পরিদর্শক মো. শাহ আলম। থানা হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমতলী থানার অফিসার  ইনচার্জ মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হলে তিনি তার স্থলাভিষিক্ত হলেন ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আমতলী থানায় পুলিশ হেফাজতে শানু হাওলাদার নামের এক সন্দেহভাজন আসামির রহস্যজনক মৃত্যু হয়। ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সাথে তার লাশ ঝুলছিল। নিহতের পরিবারের দাবি পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি শানু আত্মহত্যা করেছে। 

বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত কমিটির প্রধান একেএম এহসান উল্লাহ বলেন, ঘটনা তদন্তে সরেজমিন পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।