লক্ষ্মীপুরে সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ট্রাফিক পুলিশ ক্লোজড

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫৮

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যবাহী রিকশার চালককে মারধর করার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে সময় টিভির প্রতিনিধির সঙ্গে অসদাচরণ করেছেন ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জন। এ ঘটনায় তাত্ক্ষণিক ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জনকে পুলিশ লাইনে ক্লোজড করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

জানা যায়, সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বোঝাই করে একটি রিকশা শহরের শাখাড়ীপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে হঠাত্ ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জন মোটরসাইকেল নিয়ে এসে রিকশাটির গতিরোধ করে চালকের কলার চেপে ধরে মারধর শুরু করেন। এ সময় সময় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া অসহায় রিকশা চালককে অহেতুক মারধর করতে দেখে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ওই এটিএসআই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ওপরেও চড়াও হন এবং গালমন্দ শুরু করেন। কথাকাটাকাটির একপর্যায়ে সরকারি কাজে বাধা দেওয়ার মিথ্যা অভিযোগ তুলে ওই সাংবাদিককে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন তিনি। পরে ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা এসে তাকে থামান। বিষয়টি জানতে পেরে ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এছাড়া কোনো পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানি না করার জন্য জেলার পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।