বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলবেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া হাফিজ বিপিএলের শুরুর পাঁচটি ম্যাচ খেলবেন রাজশাহীর জার্সিতে। তারপর দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের ওয়ানডে দলে যোগ দেয়ার কথা হাফিজের। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ হক গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘আমরা হাফিজকে দলে নিয়েছি। কারণ আমাদের টপঅর্ডারে ডানহাতি ব্যাটসম্যান দরকার ছিল।’ ক্যারিয়ারে ২৫২ টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাফিজ। ১২২.৫৯ স্ট্রাইক রেটে ৫ হাজার ৩১৭ রান করেছেন তিনি। এর আগেও বিপিএলে খেলেছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন হাফিজ।
