করোনা আক্রান্ত সন্দেহে একই পরিবারের পাঁচ জন রংপুর মেডিক্যালে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০০:২২

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের ৫ সদস্যকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল। গতকাল শনিবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশে তাদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়। এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এখন তাদের আইসোলেশনে রাখা হয়েছে। রবিবার তাদের রক্ত-কফসহ অন্যান্য নমুনা নেওয়া হবে। পরীক্ষার পর জানা যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কি না।’

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়ার বাসিন্দা ও ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং তার পরিবারের চার সদস্যকে শনিবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশে ঠাকুরগাঁও সদর হাসপাতালে  নেওয়া হয়। ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বলেন, প্রাথমিকভাবে তাদের লক্ষণগুলো নিয়ে আইইডিসিআরের সঙ্গে আলোচনা করা হয়েছে। আইইডিসিআর কর্তৃপক্ষ জানায়, তাদের আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসিইউ না থাকায় তাদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।’  তিনি আরো জানান, আইইডিসিআরের একটি টিম এই মুহূর্তে রংপুরের পীরগঞ্জে রয়েছে। তারাই ৫ রোগীর নমুনা সংগ্রহ করবেন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, তারা করোনা ভাইরাসে আক্রান্ত কি না।