রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭০০ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এসব পিপিই দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এ সময় শ্যামল দত্ত বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতিতে চিকিত্সকদের জন্য পিপিই অত্যন্ত জরুরি। আশা করি, এই পিপিইগুলো তাদের কাজে লাগবে। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের চিকিত্সকরা এরই মধ্যে পিপিই পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি আরো বলেন, আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনো সেভাবে ছড়ায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালগুলোর ডাক্তার-নার্সদের করোনা ঝুঁকি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। —প্রেস বিজ্ঞপ্তি
