দেশের সর্বত্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচারণা চললেও গাজীপুরের শ্রীপুর বাজারে জনতার ঢল নামছে। গতকাল শনিবার বিকাল থেকে পৌর শহরের বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শনিবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় দলে দলে মানুষ ভিড় করছে। শ্রীপুর চৌরাস্তা থেকে রেলগেট এলাকা পর্যন্ত অটোরিকশাসহ পর্যাপ্ত যানবাহন চলাচল করতে দেখা যায়।
কোনো কাজ না থাকা সত্ত্বেও বাজারে আসা কয়েক জন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় বাজারে এমনিতেই ঘোরাফেরা করছি। ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান খোলা রাখার কথা থাকলেও শ্রীপুর চৌরাস্তা, থানার মোড়, রেলগেট, মধ্যবাজারের প্রায় সব দোকানের একটি করে শাটার খোলা রেখে বেচাকেনা চলছে।
তবে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন শারমিন দাবি করেন, বাজারে তেমন কোনো লোক ছিল না।
অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিনকে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
