স্কুল বন্ধ হওয়ায় শিশুদের শিক্ষা অব্যাহত রাখতে সহায়তা দিচ্ছে ইউনিসেফ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০০:২৭

করোনা ভাইরাসের কারণে দেশে দেশে স্কুল বন্ধ হয়ে বিশ্বের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ইউনিসেফ সব দেশে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখতে উল্লেখযোগ্যহারে সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর আওতায় স্কুলগুলোকে নিরাপদ রাখার পদক্ষেপও নেওয়া হবে।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো শিশুদের ও স্কুলের কর্মচারীদের ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশের স্কুলগুলোও বন্ধ করতে হয়েছে। এই নজিরবিহীন পরিস্থিতে শিশুরা যাতে বাড়িতেই বিভিন্ন বিকল্প শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের পড়ালেখা অব্যাহত রাখতে পারে এবং এই জরুরি অবস্থার নেতিবাচক প্রভাব যাতে শিশু ও সমাজের ওপর না পড়ে সেজন্য আমাদের এখন সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।

হোজুমি বলেন, অন্যান্য দেশের জরুরি অবস্থার অভিজ্ঞতা থেকে দেখা যায়, শিশুরা যত বেশি সময় স্কুল থেকে দূরে থাকে, তাদের স্কুলে ফেরার সম্ভাবনা ততটাই কমে যায়। তাই করোনা মোকাবিলায় শিশুদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বিকল্প পদ্ধতি তৈরি করা আমাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।