এশিয়া কাপ শুরু ৫ জানুয়ারি

সাফের একমাত্র দেশ ভারতের দল ঘোষণা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

ভারত এএফসি এশিয়া কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ২৪ দেশের এই প্রতিযোগিতা। এতে দক্ষিণ এশিয়া থেকে কেবল ভারতই টুর্নামেন্টটিতে খেলার যোগ্যতা অর্জন করে।

একসময় কলকাতার তিন ক্লাবে আধিক্য থাকলো ভারতের জাতীয় ফুটবল দলে। সেখানে এই দলটিতে কলকাতার ইস্টবেঙ্গলের একজন ও অ্যাটলেটিকো ডি কলকাতার (এটিকে) তিনজন মিলে কেবল চার ফুটবলার ঠাঁই পেয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সুনিল ছেত্রী।

এশিয়ান কাপে ভারত ‘এ’ গ্রুপে স্বাগতিক আমিরাতের পাশাপাশি থাইল্যান্ড ও বাহরাইনের বিরুদ্ধে খেলবে। অপর দেশগুলো হলো ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, সিরিয়া, প্যালেস্টাইন ও জর্দান; ‘সি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, চীন, কিরগিজস্তান ও ফিলিপাইন; ‘ডি’ গ্রুপে ইরান, ইরাক, ভিয়েতনাম ও ইয়েমেন; ‘ই’ গ্রুপে সৌদি আরব, কাতার, লেবানন ও উত্তর কোরিয়া এবং ‘এফ’ গ্রুপে জাপান, উজবেকিস্তান, ওমান ও তুর্কমেনিস্তান।

অস্ট্রেলিয়া হলো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। ১ ফেব্রুয়ারি হবে এশিয়ান কাপের ফাইনাল।

কোচ স্টিফেন কনস্টানটাইন তার ভারত দল কয়েকদিন আগেই আবুধাবিতে পৌঁছে যান। মূলত  সেখানকার পরিবেশ ও বিভিন্ন দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিতেই এই আগেভাগে সেখানে যাওয়া।

n ভারতীয় দল

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু), অমরিন্দর সিং (মুম্বই সিটি), বিশাল কাইথ (পুণে সিটি)।

ডিফেন্ডার: প্রীতম কোটাল (এটিকে), সার্থক গোলুই (পুণে সিটি), সন্দেশ ঝিঙ্গান (কেরালা ব্লাস্টার্স), আনাস এদাতোডিকা (কেরালা ব্লাস্টার্স), সালাম রঞ্জন সিং (ইস্টবেঙ্গল), শুভাশিস বোস (মুম্বই সিটি), নারায়ন দাস (দিল্লি ডায়নামোস)।

মিডফিল্ডার: উদান্ত সিং (বেঙ্গালুরু), রোলিন বর্জেস (নর্থ-ইস্ট ইউনাইটেড), অনিরুদ্ধ থাপা (চেন্নাইয়ান), ভিনিত রাই (দিল্লি ডায়নামোস), হোলিচরন নার্জারি (কেরালা ব্লাস্টার্স), আশিক কুরুনিয়ান (পুণে সিটি), জার্মানপ্রিত সিং (চেন্নাইয়ান), জ্যাকিচাঁদ সিং (গোয়া), প্রণয় হালদার (এটিকে)।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী (বেঙ্গালুরু), জেজে লালপেখলুয়া (চেন্নাইয়ান), সুমিত পাসি (জামশেদপুর), বলবন্ত সিং (এটিকে)।