টি-টোয়েন্টি ক্রিকেটের জমানায় আন্দ্রে রাসেলের মতো কেউ দলে থাকা মানেই আকাশের চাঁদ হাতে পাওয়া। এই জ্যামাইকান ক্রিকেটারের ক্যারিবিয়ান সতীর্থ ডোয়াইন ব্রাভোও তাই মানেন। তিনি রাসেলকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে তার তুলনা করলেন ব্রায়ান লারা আর ক্রিস গেইলের সঙ্গে।
২০১৯ সালের বিশ্বকাপ চলাকালে ইনজুরি নিয়ে বাদ পড়েছিলেন রাসেল। সেটা কাটিয়ে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। সেখানে ব্যাট হাতেও ছিলেন দানবীয়। প্রথম ম্যাচে ১৪ বলে ৩৫ রান, আর দ্বিতীয় ম্যাচে ১৪ বলে ৪০ রান করেন। আর এই পারফরম্যান্স দিয়ে ব্রাভো টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান।
তার ভূয়সী প্রশংসা করে ব্রাভো ত্রিনিদাদভিত্তিক রেডিও স্টেশন আই৯৫৫-কে বলেন, ‘ও বিশ্ব সেরা। ক্রিস গেইল যখন সেরা ফরমে ছিল, তখন ওর ব্যাপারেও আমি একই কথা বলতাম। আমরা খুবই আনন্দিত যে ও আমাদের দলের হয়ে খেলে। আমাদের ভাগ্য খুবই ভালো যে, ওর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে আমাদের বোলিং করতে হয় না। টি-টোয়েন্টি ফরম্যাটে, আন্দ্রে রাসেলই আমাদের ক্রিস গেইল, আমাদের ব্রায়ান লারা। ও সত্যিকারের সুপারস্টার।’
আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোদের হাত ধরেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর থেকে ধারাবাহিক পারফরম করতে পারেনি তারা। সিরিজ হেরেছে বাংলাদেশ, আফগানিস্তানের কাছেও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজ জয়টি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে।
ডোয়াইন ব্রাভো বলেন, ‘শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজের আগে, আমরা এই ফরম্যাটে তেমন ধারাবাহিক ছিলাম না। ওয়ানডে সিরিজে ০-৩ ব্যবধানে হারের পর টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় এবং টি-টোয়েন্টি দলের খেলোয়াড়রা ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলাম। আমরা বলেছিলাম, টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা দল হিসেবেই ফিরবো আমরা। সেটাই হয়েছে।’
গেল জানুয়ারিতে অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ডোয়াইন ব্রাভো। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ দলটাই এখন টি-টোয়েন্টিতে অন্যতম সেরা।
বিশ্বের সেরা সব ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের। আর বিশ্ব সেরা সব ক্রিকেটার যখন একই দলের হয়ে খেলবে, তখন বাকিদের সমীহ না করে কোনো উপায় নেই। অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের মানটা সেই অবস্থানে নিয়ে যেতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই আমরা সেই বার্তাটা সবাইকে দিতে চেয়েছিলাম। আর সেটা আমরা পেরেছি।’
