আইপিএলের জন্য অপেক্ষা

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৪৫

ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছে। তাই, চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও আশায় বুক বেঁধে আছেন ক্রিকেটাররা।

আশাবাদীদের মধ্যে আছেন ইংল্যান্ডের জশ বাটলার। তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো খবর শুনিনি। প্রাথমিক ভাবে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন এর ভবিষ্যতের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এটা ক্রিকেট বিশ্বের জন্য বিশাল একটা আসর। তাই, আশা করব আয়তন কমিয়ে হলেও যেন টুর্নামেন্টটা মাঠে গড়ায়। তবে, এখন পর্যন্ত সেটা খুব শক্ত বলে মনে হচ্ছে।’

করোনা ভাইরাসের প্রকোপে প্রাথমিক ভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল আইপিএল। এরপর সম্প্রতি ভারতকে সরকারি ভাবে লক ডাউন করার পর আর নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অন্যদিকে, আইপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, এখনো আইপিএল নিয়ে ভাবারই সময় আসেনি। তিনি বলেন, ‘প্রথমে আমাদের দেশের কথা চিন্তা করা উচিত। এই সঙ্কটময় পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। তারপরেই আইপিএল নিয়ে ভাবা যাবে। জীবনকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরতে দাও।’ মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক আরো বলেন, ‘মুম্বাইকে এর আগে এমন ভাবে কখনো দেখিনি। আমরা ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত পাই না। এখনই সুযোগ। এখন ওদের সঙ্গে অনেক সময় কাটানো যাবে।’