ক্রিকেটারদের সুসংবাদ দিল পিসিবি

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৪৬

নিয়ম শিথিল করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতদিন সর্বোচ্চ দুটি বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেতেন ক্রিকেটাররা। এখন থেকে সেই সংখ্যাটা বাড়িয়ে তিন করা হয়েছে।

এর অর্থ হলো, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা এখন থেকে পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) চারটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন নতুন এই নিয়মে খেলোয়াড়দের আয়ের সুযোগ বাড়বে। তিনি বলেন, ‘আমরা মনে করি, নতুন এই নিয়মটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। যেকোনো নিয়ম করার আগে আমরা খেলোয়াড়দের পরিমাণ, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সব কিছু বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেই। তবে, আমরা মনে করি নতুন এই নিয়মে খেলোয়াড়দের আয় ও বিভিন্ন দেশে খেলার দক্ষতা—দুটোই বাড়বে।’ তিনি মনে করেন, নতুন এই পন্থা অন্যান্য ক্রিকেটীয় দেশের সঙ্গে পিসিবির সম্পর্কের উন্নতি হবে।