কদিন আগেই শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মেয়েদের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সেই হিদার নাইটের হাতে নতুন দায়িত্ব। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন তিনি। শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে লেখা এক কলামে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমার হাতে অনেক অবসর সময় এখন, তাই এনএইচএসের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব। সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে সাহায্য করার জন্য। আমার ভাই এবং তার সঙ্গী- দুজনই ডাক্তার। আমার কিছু বন্ধু আছে যারা এনএইচএসে কাজ করে। তাই আমি জানি তারা কত কঠোর পরিশ্রম করছে এবং পরিস্থিতিটা এখন কত কঠিন।’
