বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াত সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জেলা প্রশাসন। শনিবার থেকে তাদের যাতায়াত সুবিধার্থে দুটি বাস নিয়ে এ সার্ভিস চালু করা হয়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালের নতুন বর্ধিত ভবনে করোনা ইউনিট খোলা হয়েছে। সেখানে করোনা সন্দেহে ছয় জন চিকিত্সাধীন রয়েছেন। তাদের সেবায় চিকিত্সকদের নিয়ে সাতটি দল করা হয়েছে। প্রতিটি দলে সাতজন চিকিত্সক রয়েছেন।
এছাড়া প্রতিটি দলের সঙ্গে চার সেবিকা ও একজন করে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেয়। বাস দুইটির কারণে এখন তাদের যাতায়াতের সুবিধা হবে বলে তিনি জানান। এদিকে, এরআগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতনদের নিয়ে জরুরি সভা করে বেশ কিছু নির্দেশনা দেন। সে অনুযায়ী বরিশাল নগরীসহ সর্বত্র জোরদার টহল শুরু করে সেনাবাহিনীসহ স্থানীয় পুলিশ প্রশাসন। এছাড়াও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তাসহ প্রশাসনের উদ্যোগে নানান উদ্যোগ গ্রহণ করা হয়।
