সারা দেশে সচেতনতা সৃষ্টি করতে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শিবগঞ্জ উপজেলার মনাকষাসহ বিভিন্ন এলাকায় ১০ কেজি চাল বিতরণের অযুহাতে ডিলারদের অফিসের সামনে শত শত লোককে দাঁড় করিয়ে চাল বিতরণ করা হচ্ছে। রবিবার সকালে মনাকষা বাজারে নিউমার্কেটে ডিলার সাজেমান আলি তার অফিসের সামনে শতাধিক লোককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে চাল বিতরণ করতে দেখা যায়। অন্যদিকে মনাকষা বাজারের উত্তর পার্শ্বে শেখপাড়ায় ডিলার আব্দুস সোবাহান মধু মেম্বারের অফিসের সামনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। একইভাবে বিনোদপুর, দুর্লভপুর, শাহাবাজপুর, শিবগঞ্জসহ প্রতিটি ইউনিয়নের ১০ টাকা কেজি চাল বিতরণে গণমানুষের ভিড় হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিত্ চন্দ্র সিংহ জানান, কোনো অযুুহাতেই গণজমায়েত করতে পারবে না। কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুধু ১০ টাকা কেজি চাল বিতরণের ক্ষেত্রেই নয় কোনোভাবেই গণজমায়েত করা যাবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল বিতরণ করতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার জানান, সরকারের নীতিমালা অনুযায়ী কমপক্ষে তিন ফুট দূরত্ব রেখে কার্যক্রম চালাতে পারবে। তবে নিয়মের ব্যতিক্রম করা যাবে না।
