করোনা ভাইরাস

ফুলবাড়ীর ১৮ বাড়িতে লাল পতাকা

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:২৭

ফুলবাড়ীতে বিদেশ থেকে ফেরত আসাসহ মোট ৭০ জনের বাড়িতে নজরদারি রেখেছে প্রশাসন। তাদের মধ্যে ১৮টি বাড়িতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। চিকিত্সকরা ১৪ দিন বাড়ির বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তাদেরকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় ছয়টি ইউনিয়নে ৭০ জন নারী পুরুষকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। চিহ্নিত কয়েকজনের মধ্যে সর্দি, জ্বর, কাশি ও গলা ব্যথার উপসর্গ দেখা দিয়েছে—এমন খবর পাওয়ার পর তাদের বাড়িতে চিকিত্সক পাঠানো হয়েছে। চিকিত্সকরা করোনা সন্দেহে ঐ পরিবারগুলোকে ১৪ দিন বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে ১৮ জনের বাড়িতে।

ফুলবাড়ী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. রাজু মিয়া জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বেশ কয়েকজনকে। এসব রোগীর সর্দি, জ্বর, কাশি থাকায় তাদেরকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ভয়ের কারণ নেই। তাছাড়াও হাসপাতালের আইসোলেশনের আটটি বেড রাখা হয়েছে। এখনো কাউকে ভর্তি করা হয়নি।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, বিদেশ থেকে ফেরত আসাসহ ৭০ জনের বাড়িতে নজরদারি রাখা হয়েছে। ইতিমধ্যেই ১৮টি বাড়িতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন হাটবাজার ও মসজিদে মাইকিং করা হচ্ছে।