করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম কমাতে সরকারি আদেশ মোতাবেক গৌরীপুরে ট্রেন ও দূরপাল্লাসহ সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বেশ কিছু প্রাইভেট গাড়ি ও মাইক্রোবাসে স্টিকার লাগিয়ে এবং সিএনজিচালিত অটো, ব্যাটারিচালিত অটো ও মাহেন্দ্র যাত্রী পরিবহন চলছে। এ সকল পরিবহন এবং ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ করতে এবং জনসমাগম ঠেকাতে চলছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি অ্যাকসন।
রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড ও রামগোপালপুর বাজার এলাকায় যাত্রী পরিবহন করায় ৭০টি যাত্রীবাহী গাড়ির চাবি জব্দ করে। এ সময় ৫০টি চায়ের দোকান বন্ধ করা হয়।
