সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৩২

অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রংপুর করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় গত ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি ও গণপরিবহন চলাচল বন্ধের মধ্য দিয়ে কার্যত লকডাউন শুরু হয়েছে দেশজুড়ে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এমন পরিস্থিতিতে রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ছোটো বাবু তার ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে ১০ দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন।

জুড়ীতে ৫ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো উপজেলা জুড়ে লকডাউন চলছে। এতে নিম্নআয়ের মানুষকে সহায়তার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে জুড়ী উপজেলায় ৫ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বণিক জানান, উপজেলার নিম্নআয়ের ৫০০ জনকে ১০ কেজি করে চাল ও নগদ ১০০ টাকা করে দেওয়া হচ্ছে। উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে রবিবার তা বন্টন করা হয়।

করোনা প্রতিরোধে চিকিত্সাসামগ্রী হস্তান্তর

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে করোনা ভাইরাস মোকাবিলায় রবিবার চিকিত্সাসামগ্রী হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহানের ব্যক্তিগত উদ্যোগে ২৫টি অ্যাপ্রোন, ৩০টি মাক্স, ২টি স্প্রে মেশিনসহ জীবাণুনাশক ওষুধ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকারের কাছে হস্তান্তর করা হয়।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে পিপিই প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে রবিবার পিপিই প্রদান করা হয়েছে। শহরের টি এ রোডে সংগঠনের কার্যালয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর দেওয়া পিপিই তুলে দেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।

মনপুরায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় রবিবার গরিব অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে ঘরে অবস্থান ও বাজারমুখী জনসমাগম নিরুত্সাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

করোনা সচেতনতায় নানা কর্মসূচি

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দৌলতপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ, লিফলেট বিতরণ, হাটবাজার এলাকায় সাবান পানির ব্যবস্থা করেছেন দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এছাড়া তিনি সাধারণ মানুষের মধ্যে মাস্কও বিতরণ করেছেন।

ডাক্তার ও জনপ্রতিনিধি-কর্মকর্তাদের পিপিই ও গ্লাভস প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে ও মানুষের স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার জন্য ডাক্তারদের নিরাপত্তার জন্য পিপিই ও গ্লাভস প্রদান করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। রবিবার এসব উপকরণ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রবিউল ইসলাম। একই সঙ্গে সার্বক্ষণিক দায়িত্বপালনকারী অফিসার ইউএনও সেঁজুতি ধর, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিনকেও তিনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য পিপিই প্রদান করেন।

রাস্তায় জীবাণুনাশক স্প্রে ও খাদ্যসামগ্রী বিতরণ

দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপে রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় উপজেলা টাস্কফোর্স কমিটি উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে দাকোপ প্রেসক্লাবের আয়োজনে রাস্তায় জীবাণুনাশক স্প্রে ছিটানো কাজের উদ্বোধন করা হয়েছে। পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

সরকারি খাদ্যসামগ্রী পাচ্ছে ১ হাজার পরিবার

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার পরিবার পাচ্ছেন সরকারি খাদ্যসামগ্রী। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও একটি করে লাইফবয় সাবান দেওয়া হচ্ছে। দুস্থ, অসহায় ও দিনমজুর পরিবারের মধ্যে সরকারি এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডিমলায় জীবাণুনাশক স্প্রে

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধে রবিবার ডিমলায় জীবাণুনাশক ছিটানো হয়েছে। ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে উপজেলার হাটবাজার অফিস আদালত ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজন অনুসারে জীবাণুনাশক ছিটানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী যতদিন প্রয়োজন উপজেলাবাসীকে সুরক্ষা দিতে এই জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।

পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার জনগণকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র মানুষেরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসহায় এ মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম দরিদ্র মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। এর আলোকে রবিবার সকাল থেকে জীবননগরের দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, এএসপি (সার্কেল) আবু রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুস্থদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার ১৬৮ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য উপকরণ, মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তন থেকে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়ালের ব্যক্তিগত তহবিল থেকে তেল, ডাল, লবণ, আলু, মাস্ক, সাবান ও ভিজিডির মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম প্রমুখ।

গ্রামে গ্রামে সাবান ও মাস্ক বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় রবিবার বিনামূল্যে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম শনিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।