বছর ঘুরে বারবার আসে নতুন বছর। বিগত বছরের ভুলগুলো শুধরে নিয়ে আমরা চেষ্টা করি নতুন বছরটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে। তাই তো নতুন বছরকে ঘিরে থাকে আমাদের নানারকম সব নতুন নতুন পরিকল্পনা বা ভাবনা। এরই ধারাবাহিকতায় ইংরেজি নতুন বছর ২০১৯-কে বিশেষভাবে স্বাগতম জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাসরত কচি-কাঁচারা জানিয়েছে তাদের বছর জুড়ে সব ভাবনার কথা, যার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস। আর তাদের নতুন বছরের সেইসব ভাবনা জানাচ্ছেন মুনতাসির সিয়াম
ফানুসের আলোয়
আকাশ সাজাব
শায়লা আহম্মেদ অপি
দেখতে দেখতেই কেটে গেল সাল ২০১৮। আমাদের বাড়িতে সবসময়ই মানুষজনে ভরপুর থাকে। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, ছোট্ট ভাইপো, চাচা-চাচী, চাচাতো ভাইবোনেরা সবাই একইসাথে থাকি; মানে যৌথপরিবার আমাদের। যারজন্য সারা বছরই বাড়িতে আনন্দ-উল্লাসের অভাব হয় না। তবে নতুন বছর ২০১৯-কে স্বাগত জানানোর জন্য আমরা ভাইবোনেরা মিলে ঠিক করেছি—রাত বারোটার পর বাড়ির ছাদে একটা পার্টির আয়োজন করব। সন্ধ্যা থেকে রান্নাবান্না করে ঠিক রাত বারোটায় উদ্যাপন শুরু হবে। আর শুরুটা হবে আমাদের নিজেদের বানানো ফানুস ওড়ানোর মধ্যদিয়ে। ফানুসের আলোয় যেমন সারা আকাশ সুন্দর হয়ে সেজে উঠবে, ২০১৯-ও যেন আমাদের জীবনকে সুন্দর করে আলোয় আলোয় সাজিয়ে দেয় সেই কামনা।
দশম শ্রেণি, পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট
সত্য বলার অভ্যাস
গড়ে তুলব
সুমাইয়া নাসরিন মৈত্রী
আমরা প্রতিদিনই বিভিন্ন সময় বিভিন্ন কারণে মিথ্যা কথা বলে থাকি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের মিথ্যা বলতে বারণ করেছেন। মিথ্যা বলা মহাপাপ। এছাড়া মিথ্যা বলে নিজের সামান্য ভালো হলেও, অন্যদের ক্ষতি হয়। তাই আমি ঠিক করেছি—নতুন বছর থেকে ভুল করেও কখনো মিথ্যা বলব না। সবসময় সত্য বলার শপথ রক্ষা করে চলব। আমার বন্ধুদেরকেও বুঝিয়ে বলব কথাগুলো। এতে নতুন বছরটাও সুন্দর হবে, আবার আমাদের জীবনও।
পঞ্চম শ্রেণি, বালিঘাটা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট
খাঁচায় পোষা ময়নাকে
মুক্ত করে দেবো
মাহজাবীন মম
নতুন বছরের প্রতিটা দিন অন্তত একটা করে মনে রাখার মতো ভালো কাজ করতে চাই। আর খাঁচায় বন্দি আমার
পোষা ময়না পাখিটাকে মুক্ত করার মাধ্যমে তার শুরুটা করব। আমার খুব প্রিয় বন্ধু এই ময়না পাখিটা। গতবছর জন্মদিনে বাবা আমার জন্য খাঁচায় করে পাখিটাকে উপহার হিসেবে নিয়ে এসেছিলেন। কিন্তু এই বিজয়ের মাসে তার খোলা আকাশে ডানা ঝাপটে উড়ে বেড়ানোর জন্য ছটফট করতে দেখে ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছে আমাদের পরাধীন জীবনের কথা মনে পড়ে যায়। তাইতো ঠিক করেছি, ময়নাকে তার স্বাধীনতা ফিরিয়ে দেয়ার মাধ্যমেই নতুন বছরের প্রথম দিনে প্রথম ভালো কাজটা করব আমি।
নবম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
বাসার ছাদে
বাগান করব
তাসফিয়া তাসনিম
পরীক্ষার পর শীতের ছুটিতে নানুবাড়ি বেড়াতে এসেছি। রাজশাহী নওগাঁ রোড হয়ে আসার সময় খুব মন খারাপ হয়ে গেছে। কারণ, রাস্তা বড় করার জন্য রাস্তার দুই পাশের সব গাছ কেটে ফেলা হয়েছে। এভাবে গাছগুলো কেটে ফেলার জন্যই তো দিন দিন গাছ কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য ভালো নয়। গাছই তো বাংলাদেশকে সবুজ করেছে। তাই আমাদের গাছ না কেটে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তাই আমি নতুন বছরে অনেক অনেক গাছ লাগাতে চাই। বাসায় ফিরে আমাদের বাসার ছাদে নিজের একটা বাগান করতে চাই। সেজন্য নানুবাড়ি থেকেও কিছু গাছের চারা নিয়ে যাব। আশা করি নতুন বছরে সবাই গাছকে নতুনভাবে ভালোবাসতে শিখবে।
তৃতীয় শ্রেণি, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অনেক অনেক বই
পড়তে চাই
এ বি তাজরি
আমি শীতের ছুটিতে দাদুবাড়িতে এসেছি। ঢাকা থেকে ফুপি আর আপুরাও বেড়াতে এসেছে। রাজশাহী থেকে বড় ফুপিরাও এসেছে। সবাই মিলে অনেক মজা করছি আমরা। তাই নতুন বছর থেকে এই মজার দিনগুলোর কথা ডায়রিতে লিখে রাখতে চাই। আর আমার বড় আপুরা সবাই অনেক বই পড়ে। আপুরা বলেছে, বই পড়লে অনেক কিছু জানা যায়। তাই আপুরা সবাই আসার সময় এইবার আমার জন্য বই নিয়ে এসেছে। আমিও আপুদের মতো অনেক অনেক বই পড়তে চাই। প্রতিমাসে দুইটা করে বই শেষ করব নতুন বছরে।
প্রথম শ্রেণি, অঙ্কুর শিক্ষা নিকেতন, নওগাঁ
