আমি গত ৩৪ বছর ধরে ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে কৃষি বিভাগে কাজ করছি। আমার বিরুদ্ধে কোনো বিভাগীয় অভিযোগ নেই। অথচ আমি বারবার অন্যায়-অবিচার ও হয়রানির শিকার। গত ২৫-৫-২০১০ তারিখে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে যোগদানের পর থেকেই আমার কপাল পুড়ছে। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় আমি তেজগাঁও থানায় একটি সাধারণ জিডি করি, যার নম্বর ১১৯৯, তারিখ ২০-৮-২০১৬। এছাড়া ২০-৫-২০১৮ তারিখে আমার দুরবস্থার বর্ণনা দিয়ে মহাপরিচালক, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, ঢাকা-কে অবহিত করি। এরপর আমার ওপর নানা অত্যাচার ও হয়রানি আরো বেড়ে যায়। এক পর্যায়ে একটি মহল মিথ্যা অভিযোগ দিয়ে ২-৩-২০২০ তারিখে আমাকে উপপরিচালক, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কার্যালয়ে অন্যায়ভাবে বদলি করে। ফলে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টে (১৮ নং সেক্টর) আমার বৃদ্ধ মা ও অসুস্থ স্ত্রী উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। উল্লেখ করা বাহুল্য হবে না যে, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের ঢাকা অঞ্চলের একজন কর্মী এবং বিভিন্ন সময় কৃষি বিভাগে বদলি বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ঐ মহলের রোষানলের শিকার আমি। বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক আমার বদলির আদেশ বাতিল করে ঢাকায় পুনর্বহালের জন্য মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. জাহাঙ্গীর আলম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা,
কুলিয়ারচর, কিশোরগঞ্জ
