বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নগরীতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছে এলিনা পরিবার। গতকাল রবিবার দুপুরে নগরীর নতুন রেল স্টেশন, ডিসি হিল, কাজির দেউরী, স্টেশন রোড, জামালখান মোড় এলাকায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ও টিম কোতোয়ালির সহযোগিতায় ফুটপাতের শ্রমজীবী অসহায় ও দরিদ্রদের মধ্যে তৈরি খাবার পৌঁছে দেওয়া হয়।
আয়োজক অভিজাত হোটেল দি এলিনার ব্যবস্থাপনা পরিচালক রুবেল সাহা জানান, কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি। লকডাউন যতদিন থাকবে ততদিন চলবে এই কর্মসূচি। আজকে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে তৈরি প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়েছে। একইভাবে কাল থেকে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য জায়গায় বিতরণ করা হবে। তিনি বলেন, সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে এসে শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। যে যার অবস্থানে থেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলে কর্মহীন খেটে খাওয়া মানুষকে অনাহারে অর্ধাহারে থাকতে হবে না। বর্তমান পরিস্থিতিতে ওদের খাদ্যনিরাপত্তা সবচেয়ে জরুরি।
