শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও সম্প্রচার করা হচ্ছে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেই ক্লাসসমূহ আবার প্রচার করা হবে। তাছাড়া ক্লাসসমূহ ‘আমার ঘরে আমার স্কুল’ ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যদি কোনো শিক্ষার্থী কোনো ক্লাস দেখতে না পারে তাহলে সে উল্লেখিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবে।
